দক্ষিণ এশিয়ার নারী ফুটসালের প্রথম আসরেই বাজিমাত করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল।
রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের ননথাবুরি হলে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল কেবল একটি ড্র। কিন্তু ড্র নয়, রীতিমতো গোল উৎসব করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতে অবশ্য চমক দেখিয়েছিল মালদ্বীপ; প্রথমে গোল করে লিডও নিয়েছিল তারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। উল্টো আক্রমণের পসরা সাজিয়ে মালদ্বীপের জালে একে একে ১৪ বার বল জড়ায় বাংলাদেশ। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে বাঘিনীরা।
এর আগে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বড় জয়েই শিরোপার পথে অনেকটা এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছিলেন চার গোল, সাথে ছিল নুসরাত জাহান ও কৃষ্ণা রানী সরকারের দারুণ সব ফিনিশিং।
মূল ফুটবলের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জেতার পর এবার ফুটসালের এই নতুন সংস্করণটিতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলার মেয়েরা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং অদম্য মানসিকতার পরিচয় দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করল বাংলাদেশ। অপরাজিত থেকে এই শিরোপা জয় দেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে।

