ক্রমবর্ধমান জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন এবং আশঙ্কাজনক হারে কৃষিজমি কমে যাওয়ার এই যুগে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার প্রশ্নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘হাইড্রোপনিক্স’ (Hydroponics)। অত্যন্ত চমকপ্রদ এই পদ্ধতিতে কোনো প্রকার মাটি ছাড়াই কেবল পানিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশিয়ে গাছ চাষ করা হয়। আধুনিক কৃষির এই বিস্ময়কর পদ্ধতিটি এখন আর কেবল বিজ্ঞানীদের গবেষণাগারে সীমাবদ্ধ নেই, বরং মরুভূমি থেকে শুরু করে শহরের বহুতল ভবনের ছাদেও এর সফল প্রয়োগ দেখা যাচ্ছে।
গ্রিক শব্দ ‘Hydro’ (পানি) এবং ‘Ponos’ (পরিশ্রম) থেকে ‘হাইড্রোপনিক্স’ শব্দটির উৎপত্তি, যার আভিধানিক অর্থ ‘পানির কাজ’ বা ‘জলশ্রম’। সহজ কথায়, এটি এমন একটি পদ্ধতি যেখানে মাটির পরিবর্তে গাছের শিকড় সরাসরি পুষ্টিসমৃদ্ধ জলীয় দ্রবণে নিমজ্জিত থাকে। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানগুলো নির্দিষ্ট পরিমাণে পানিতে মিশিয়ে দেওয়া হয়।
হাইড্রোপনিক্স শুনতে আধুনিক মনে হলেও এর শিকড় অনেক গভীরে। ঐতিহাসিকদের মতে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান (Hanging Gardens of Babylon) ছিল এই পদ্ধতির প্রাচীনতম উদাহরণ। এছাড়াও প্রাচীন চীন এবং মেক্সিকোর আজটেক সভ্যতায় ভাসমান বাগানে চাষাবাদের প্রমাণ পাওয়া যায়।
আধুনিক বিজ্ঞানের প্রেক্ষাপটে ১৬০০ সালে বেলজিয়ান চিকিৎসক জ্যান বাতিস্তা ভ্যান হেলমন্ট প্রথম প্রমাণ করেন যে, গাছের বৃদ্ধির প্রধান উৎস মাটি নয় বরং পানি। ১৮৬০-এর দশকে জার্মান বিজ্ঞানী জুলিয়াস ফন স্যাকস পুষ্টিগুণ সমৃদ্ধ জলীয় দ্রবণে গাছ চাষের কৌশলটি নিখুঁত করেন, যা তখন ‘নিউট্রি-কালচার’ নামে পরিচিত ছিল। তবে ১৯২৯ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ফ্রেডরিক গেরিক প্রথম ‘হাইড্রোপনিক্স’ শব্দটি ব্যবহার করেন এবং ২৫ ফুট লম্বা টমেটো গাছ ফলিয়ে এই পদ্ধতির বাণিজ্যিক সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিয়োজিত মার্কিন সেনাদের জন্য সবজি উৎপাদনে এই পদ্ধতি অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল।
হাইড্রোপনিক্স মূলত দুটি প্রধান ধারায় বিভক্ত:
১. জলীয় মাধ্যম (Water Culture): এখানে গাছের শিকড় সরাসরি পুষ্টিসমৃদ্ধ পানিতে ঝুলে থাকে। এর একটি আধুনিক সংস্করণ হলো ‘নিউট্রিয়েন্ট ফিল্ম টেকনিক’ (NFT), যেখানে প্লাস্টিকের নালির ভেতর দিয়ে অতি পাতলা স্তরে পুষ্টি মিশ্রিত পানি প্রবাহিত হয়। এতে শিকড় পর্যাপ্ত অক্সিজেন পায় এবং পুষ্টি গ্রহণ সহজ হয়।
২. স্থির মাধ্যম (Aggregate Culture):এতে মাটির বিকল্প হিসেবে বালি, নুড়ি পাথর, পার্লাইট, ভার্মিকুলাইট বা নারিকেলের ছোবড়ার গুঁড়ো ব্যবহার করা হয়। এই মাধ্যমগুলো গাছকে ধরে রাখতে সাহায্য করে এবং ড্রিপ পদ্ধতিতে ওপর থেকে বা নিচ থেকে পুষ্টির দ্রবণ সরবরাহ করা হয়।
হাইড্রোপনিক্সের একটি উন্নত ও পরিবেশবান্ধব রূপ হলো ‘অ্যাকোয়াপনিক্স’। এতে মাছ চাষ এবং সবজি চাষকে একীভূত করা হয়। মাছের বর্জ্য (অ্যামোনিয়া) যা মাছের জন্য ক্ষতিকর, তা ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেটে রূপান্তরিত হয়ে গাছের চমৎকার সার হিসেবে কাজ করে। গাছ সেই পুষ্টি শুষে নিয়ে পানি পরিষ্কার করে দেয় এবং সেই বিশুদ্ধ পানি পুনরায় মাছের ট্যাংকে ফিরে যায়। গবেষণায় দেখা গেছে, প্রতি ১টি মাছের বিপরীতে ১.৯টি লেটুস গাছের অনুপাত এই ব্যবস্থার জন্য সবচেয়ে আদর্শ।
বিশ্বের অনেক দেশেই যেখানে চাষযোগ্য জমি কম বা পানির সংকট তীব্র (যেমন: মধ্যপ্রাচ্য বা আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল), সেখানে হাইড্রোপনিক্স আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান সুবিধাগুলো হলো:
★নিয়ন্ত্রিত পরিবেশ:গ্রিনহাউসের ভেতর চাষ হওয়ায় প্রতিকূল আবহাওয়া বা ঋতু পরিবর্তনের কোনো প্রভাব পড়ে না।
★পানির সাশ্রয়:প্রচলিত কৃষির তুলনায় এতে ১০–২০ শতাংশ কম পানি লাগে, কারণ এখানে পানি বারবার ব্যবহার করা যায়।
★দ্রুত বৃদ্ধি ও অধিক ফলন: মাটিতে পুষ্টির জন্য শিকড়কে অনেক গভীরে যেতে হয়, কিন্তু এখানে পুষ্টি হাতের কাছে পাওয়ায় গাছ দ্রুত বাড়ে। সাধারণ কৃষির তুলনায় ফলন দ্বিগুণ বা তার বেশি হতে পারে।
★কীটনাশকমুক্ত: মাটি নেই বলে মাটিতে জন্মানো রোগবালাই বা আগাছার উপদ্রব থাকে না, ফলে ক্ষতিকর কীটনাশকের প্রয়োজন হয় না।
সুবিধা অনেক থাকলেও কিছু প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রথমত, এই পদ্ধতি স্থাপনের প্রাথমিক খরচ অনেক বেশি। পাম্প, লাইটিং এবং সেন্সর বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। এছাড়া কোনো কারণে পানির লাইনে ছত্রাক সংক্রমণ হলে তা দ্রুত পুরো বাগানে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
বর্তমান বিশ্বে যখন আবাদি জমি কমছে এবং মরুকরণ বাড়ছে, তখন হাইড্রোপনিক্স কেবল শৌখিন বাগানীদের চর্চা নয় বরং এটি একটি প্রয়োজনীয় সমাধান। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সংকট নিরসনে এই সহজতর ও বৈজ্ঞানিক পদ্ধতিটি বড় ভূমিকা রাখতে পারে। যদিও এটি প্রথাগত কৃষির সম্পূর্ণ বিকল্প নয়, তবে ভবিষ্যতের স্মার্ট সিটি এবং বসতিগুলোতে এটিই হবে তাজা সবজি ও পুষ্টির প্রধান উৎস।

