মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফেস ৬-এর মাধ্যমে এমসিইউ প্রবেশ করতে যাচ্ছে এক নতুন যুগে। এই পর্যায়ের মূল আকর্ষণ হলো বহু প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুামসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মার্ভেল তাদের এই মহাযজ্ঞকে ইতিহাসের বৃহত্তম সিনেমাটিক ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে।
ফেস ৬-এর সূচনা হতে যাচ্ছে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মাধ্যমে। এরপর ২০২৬ সালের জুলাই মাসে আসবে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে সবার নজর এখন ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র দিকে, যেখানে আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন ভিলেন ‘ডক্টর ডুম’ হিসেবে।
২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘সিক্রেট ওয়ারস’ নিয়ে এখন থেকেই চলছে নানা গুঞ্জন:
মাল্টিভার্স রিসেট: ধারণা করা হচ্ছে, এই সিনেমার মাধ্যমে মার্ভেল তাদের বর্তমান টাইমলাইনকে পুরোপুরি ‘রিসেট’ করবে, যা নতুন করে এক্স-মেন (X-Men) এবং অন্যান্য চরিত্রদের মূল ধারায় যুক্ত করার পথ প্রশস্ত করবে।
বিশাল কাস্টিং: কমিকসের আদলে এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সের হিরোদের একসাথে দেখতে পারি। টবি ম্যাগুইয়ারের স্পাইডার-ম্যান থেকে শুরু করে হিউ জ্যাকম্যানের উলভারিন—সবাইকে এক পর্দায় দেখার সম্ভাবনা প্রবল।
দুই খণ্ডে বিভক্ত হওয়ার সম্ভাবনা: নতুন এক রিপোর্টে জানা গেছে, সিক্রেট ওয়ারসের গল্প এতোটাই বিশাল যে এটি দুই খণ্ডে মুক্তি পেতে পারে। যদিও মার্ভেল স্টুডিওস থেকে এখনও এর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মার্ভেলের জন্য ফেস ৬ হলো হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের লড়াই। ‘এন্ডগেম’ পরবর্তী সময়ে এমসিইউ কিছুটা ছন্দ হারিয়েছিল, কিন্তু ডক্টর ডুমের আগমন এবং মাল্টিভার্সের সংঘর্ষ সেই চিরচেনা উত্তেজনা আবার ফিরিয়ে এনেছে। ‘ইনকারশন’ বা দুই মহাবিশ্বের সংঘর্ষের যে বীজ ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’-এ বপন করা হয়েছিল, তার পূর্ণতা পাবে এই সিক্রেট ওয়ারসে।

