টেক ও প্রযুক্তি ডেস্ক:
জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ (Twitch) ব্যবহারকারীদের নিজস্ব কনটেন্ট আমাজনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণে ব্যবহার ঠেকানোর সুযোগ চালু করেছে। এখন থেকে কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ দর্শক উভয়েই তাদের সেটিংসে পরিবর্তন এনে এই ফিচারটি বন্ধ করতে পারবেন।
২০১৪ সালে প্রায় ১ বিলিয়ন ডলারে টুইচ কিনে নেয় টেক জায়ান্ট আমাজন। সম্প্রতি এক ঘোষণায় নিশ্চিত করা হয়, ব্যবহারকারীদের লাইভ স্ট্রিম, ভিডিও ক্লিপ, ছবি ও চ্যাট হিস্ট্রি এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল। এই সংবাদ প্রকাশ পাওয়ার পরই বিশ্বব্যাপী ক্রিয়েটরদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। গুগল ও মেটার মতো টেক প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাজন তাদের বিভিন্ন এআই সেবায় বিপুল বিনিয়োগ করে আসছে।
টুইচের চিফ প্রোডাক্ট অফিসার মাইক মিন্টন এক লাইভ স্ট্রিমে জানান, অন্যান্য টেক প্ল্যাটফর্মের মতো এখানেও এআই ডেটা কালেকশন অপশনটি পূর্বনির্ধারিতভাবে (ডিফল্ট) ‘অন’ করা ছিল। কিন্তু ব্যবহারকারীরা চাইলে তা ‘অফ’ বা অপ্ট-আউট (Opt-out) করতে পারবেন।
কেন অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছিল—এমন প্রশ্নের জবাবে তিনি সততার সাথে স্বীকার করেন, “যদি শুরুতেই ব্যবহারকারীদের কাছে অনুমতি চাওয়া হতো, তবে কেউই এআই প্রশিক্ষণের জন্য নিজের কনটেন্ট ব্যবহারের অনুমতি দিত না।”

যেসব ব্যবহারকারী এই ফিচারটি চালু রাখবেন, তাদের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহৃত হলেও সেই ডেটা অন্য কোনো থার্ড-পার্টি কোম্পানির কাছে বিক্রি করা হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
লাইভ স্ট্রিম চলাকালেই টুইচের কমিউনিটি হেড মেরি কিশ চ্যানেলের সেটিংস থেকে জেনারেটিভ এআই ট্রেনিং নিষ্ক্রিয় করার নিয়ম তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এআই মডেলের জন্য ডেটা সংগ্রহ বর্তমানে প্রযুক্তি শিল্পের একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। তবে এই সিদ্ধান্তে ব্যবহারকারীদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক বলেই তারা মনে করছেন।
লাইভ স্ট্রিমের চ্যাট বক্সে শত শত ব্যবহারকারী এই নীতির তীব্র সমালোচনা করেন। ক্ষুব্ধ এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কেউই স্বেচ্ছায় তাদের নিজস্ব সৃজনশীলতা দিয়ে এআইকে সমৃদ্ধ করতে চায় না।” অন্য একজন জানান, ডেটা সংগ্রহের বিরুদ্ধে অবস্থান নিয়ে টুইচের উচিত ছিল ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করা।
আমাজন ঠিক কবে থেকে টুইচ ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ শুরু করেছে বা ইতোমধ্যে কতটুকু ডেটা সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি।

