Saturday, August 15, 2026
33.3 C
Bangladesh

ভারতে ডাইনি সন্দেহে মা ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ডাইনি অপবাদ দিয়ে এক নারী ও তাঁর ১০ মাস বয়সী দুধের শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারার পৈশাচিক ঘটনা ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। হামলায় গুরুতর দগ্ধ হয়ে ওই নারীর স্বামী বর্তমানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, তারা আরও কয়েকজন সন্দেহভাজনকে খুঁজছে। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তারা এখনও মুখ খোলেনি। পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে ডাইনি সন্দেহে আড়াই হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।

প্রতিবেশী বিহারে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডের প্রত্যন্ত কুদসাই গ্রামে জ্যোতি সিংকু ও তাঁর শিশুসন্তানকে হত্যার ঘটনাটি ঘটল। রাজধানী রাঁচি থেকে ২৫০ কিলোমিটার দূরের এই আদিবাসী গ্রামে মাত্র ৫০টি মাটির ঘর রয়েছে। মূলত কুসংস্কার এবং চিকিৎসাসেবার অভাবেই এমন ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামে গবাদি পশুর মৃত্যু এবং পুস্টুন বিরুয়া নামের এক ব্যক্তির হঠাৎ অসুস্থতাকে কেন্দ্র করে জ্যোতি সিংকুর বিরুদ্ধে ডাইনি চর্চার গুজব ছড়ানো হয়।

পুস্টুন বিরুয়ার স্ত্রী জানো বিরুয়া জানান, তার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার তাকে বলেছিলেন, তার কোনো শারীরিক রোগ নেই। হাসপাতালে না নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা গরিব মানুষ, এত দূরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।”

মঙ্গলবার সন্ধ্যায় পুস্টুন বিরুয়া মারা যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতে পাঁচ নারীসহ ১২ জনের একটি দল জ্যোতির বাড়িতে হামলা চালায় এবং মা ও শিশুসন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারে।

হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতির স্বামী কোলাহান সিংকু জানান, তিনি হামলাকারীদের কাছে বারবার মিনতি করেছিলেন বিষয়টি গ্রাম্য সালিশে মিটমাট করার জন্য। কিন্তু তারা তার কথায় কান দেয়নি এবং তার চোখের সামনেই স্ত্রী ও সন্তানকে আগুন ধরিয়ে দেয়।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর কোলাহান ও অন্য এক পরিবারের সদস্যের জবানবন্দির ভিত্তিতে পুলিশ হত্যা ও ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব আদিবাসী এলাকায় কুসংস্কার দূর করতে এবং সচেতনতা বাড়াতে তারা শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

জনপ্রিয়

More like this
Related

শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ) : জীবন ও তৎপরতার সংক্ষিপ্ত রূপ

আরেফিন আল ইমরান সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একজন মহত্তম ব্যক্তিকে তুলে...

বাজার অস্থিরতা: কম্পিউটার এক্সেসরিজের হঠাৎ করে লাগামহীন দাম কেন? কবে ফিরবে স্বাভাবিক দামে ?

দেশের বাজারে কম্পিউটার এক্সেসরিজ বা ইলেকট্রিক পণ্যের বাজার হঠাৎ...

বিশ্বজুড়ে চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে,ওষুধি গাছ ‘স্টেভিয়া’

অ্যাস্টার পরিবারের (Asteraceae) ফুলের উদ্ভিদ যা হচ্ছে স্টেভিয়া, (Stevia...