দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পরলোকগমন করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে রমেশ চন্দ্র সেন কারাকক্ষে হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৯ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৭ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি হত্যাসহ মোট তিনটি মামলায় অভিযুক্ত হয়ে দিনাজপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। কারা কর্তৃপক্ষের মতে, ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদ আগে থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

