Wednesday, July 29, 2026
32.4 C
Bangladesh

পৃথীবি: মহাবিশ্বের এক অনন্য নীল জলজ বিস্ময়

মহাকাশের বিশাল শূন্যতায় আমাদের এই পৃথিবী এক উজ্জ্বল নীল বিন্দু। সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবীর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর অফুরন্ত পানি। যদিও মঙ্গল গ্রহে প্রাচীন উপত্যকা বা বরফের অস্তিত্ব পাওয়া গেছে এবং বৃহস্পতির উপগ্রহগুলোতে বরফাবৃত স্তরের নিচে তরল পানির সম্ভাবনা রয়েছে, তবুও এখন পর্যন্ত পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে উপরিভাগে তরল পানির বিশাল ভাণ্ডার বিদ্যমান। এই অবারিত পানিসম্পদই পৃথিবীকে দিয়েছে ‘জলজ গ্রহ’ বা ‘ওয়াটার প্ল্যানেট’-এর মর্যাদা।

পৃথিবীর মোট পৃষ্ঠভাগের প্রায় ৭১ শতাংশই নোনা পানিতে ঢাকা। এর বিপরীতে নদী বা হ্রদের মিষ্টি পানি মাত্র ১ শতাংশেরও কম। তবে পানির রূপ কেবল তরলেই সীমাবদ্ধ নয়; এটি গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে এবং কঠিন বরফ হিসেবে মেরু অঞ্চলে ও পর্বতের চূড়ায় বিরাজমান। মেঘের আকারে পানি পৃথিবীর প্রায় অর্ধেক অংশকে সবসময় ঢেকে রাখে। এমনকি পৃথিবীর গভীরে আগ্নেয় শিলাগুলোর ভেতরেও আটকা পড়ে আছে বিপুল পরিমাণ পানি ও গ্যাস, যা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় অবিরত বেরিয়ে আসে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর এই বিশাল জলরাশি একদিনে তৈরি হয়নি। প্রায় ৩.৯ বিলিয়ন বছর আগে যখন পৃথিবী উল্কাপাত ও ধুমকেতুর প্রচণ্ড আঘাত থেকে শান্ত হতে শুরু করে, তখন থেকেই বর্তমান মহাসাগর ও বায়ুমণ্ডল তার রূপ পেতে শুরু করে। ধারণা করা হয়, কোটি কোটি বছর ধরে আছড়ে পড়া ধুমকেতু ও উল্কাপিণ্ডই পৃথিবীতে পানি ও গ্যাসের প্রধান উৎস ছিল।

বর্তমানে পৃথিবীর মোট পানির ৯৭ শতাংশ জমা রয়েছে মহাসাগরগুলোতে। বাকি ৩ শতাংশের বেশির ভাগই অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফের চাদর হিসেবে জমে আছে। নদী, হ্রদ কিংবা পাহাড়ি হিমবাহে রয়েছে মোট পানির অত্যন্ত নগণ্য একটি অংশ।

পৃথিবীতে প্রাণের উৎপত্তি ও বিকাশের মূল চাবিকাঠি হলো পানি। ধারণা করা হয়, প্রথম প্রাণের স্পন্দন ঘটেছিল মহাসাগরের গভীরে। আজ পর্যন্ত পৃথিবীতে যত বৈচিত্র্যময় প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, তার প্রতিটি পানির ওপর নির্ভরশীল। জীবন্ত কোষের ৬০ থেকে ৭০ শতাংশই পানি। এমনকি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের দুই-তৃতীয়াংশই পানি দিয়ে গঠিত। পানি ছাড়া একজন মানুষ এক সপ্তাহের বেশি বেঁচে থাকতে পারে না। শুধু তাই নয়, প্রাচীন উদ্ভিদরাজির সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের জোগান নিশ্চিত হয়েছিল, যা পরবর্তীতে প্রাণিজগতের বিবর্তনে সাহায্য করেছে।

পৃথিবীর পানি স্থির নয়; এটি নিয়মিত বিভিন্ন চক্রের মাধ্যমে আবর্তিত হয়। এর মধ্যে সবচেয়ে ধীরগতির চক্রটি হলো ‘প্লেট টেকটোনিক্স’। পৃথিবীর অভ্যন্তরীণ তাপশক্তির প্রভাবে এই প্রক্রিয়াটি কয়েক মিলিয়ন বছর ধরে মহাদেশ গঠন ও মহাসাগরীয় অববাহিকা পরিবর্তনের কাজ করে। এই প্রক্রিয়ায় শিলাগুলো গলে গিয়ে পানি ও গ্যাস মুক্ত করে, যা অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে।

মহাসাগরের লবণের একটি বড় অংশও আসে এই আগ্নেয় কর্মকাণ্ড থেকে। সমুদ্রের পানি যখন মধ্য-মহাসাগরীয় শৈলশিরার উত্তপ্ত শিলার সংস্পর্শে আসে, তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তা লবণাক্ত হয়ে পড়ে। এছাড়া স্থলের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বৃষ্টির পানির সাথে মিশে নদী হয়ে সমুদ্রে লবণ ও পলি বহন করে নিয়ে যায়।

পৃথিবীর উপরিভাগের পানি সূর্যের তাপশক্তির মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে আবর্তিত হয়, যা ‘হাইড্রোলজিক সাইকেল’ বা পানিচক্র নামে পরিচিত। সমুদ্রের উপরিভাগ থেকে পানি বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টির আকারে পুনরায় সমুদ্রে বা স্থলে ফিরে আসে।

বায়ুর প্রবাহ সমুদ্রের ওপরের স্তরে স্রোত তৈরি করে, যা মূলত বিষুবরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। কিন্তু সমুদ্রের গভীর স্তরেও পানির প্রবাহ বিদ্যমান। মেরু অঞ্চলের পানি শীতল ও ঘন হয়ে সমুদ্রের নিচে তলিয়ে যায় এবং ধীরগতিতে বিষুবরেখার দিকে প্রবাহিত হয়। এই গভীর সমুদ্রস্রোতগুলো পুরো চক্রটি শেষ করতে কয়েকশ বছর সময় নিতে পারে। এই ব্যবস্থাটি পৃথিবীর ‘হিটিং সিস্টেম’ বা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করে।

সমুদ্রের উপরিভাগের উষ্ণ স্রোত যখন মেরু অঞ্চলের দিকে যায় এবং গভীরের শীতল স্রোত যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে ফিরে আসে, তখন একে বলা হয় ‘গ্লোবাল ওশান কনভেয়ার বেল্ট’। এই স্রোতগুলো পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, এই স্রোতের কারণেই কানাডার সম-অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর ইউরোপের জলবায়ু অনেক বেশি নাতিশীতোষ্ণ ও আরামদায়ক থাকে।

পৃথিবীর এই বিশাল পানিচক্র কেবল পরিবেশ নয়, বরং মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার প্রধান ঢাল। তাই এই নীল গ্রহের প্রতিটি জলকণা রক্ষা করা আমাদের টিকে থাকার জন্যই অপরিহার্য।

তথ্যসূত্র:

১. ‘Gross, M. Grant & Elizabeth Gross’ – ‘Oceanography: A View of Earth’ (সপ্তম সংস্করণ)।
২. ‘Berner, E. A. & Berner, R. A.’ – ‘The Global Water Cycle’ (প্রেন্টিস হল)।
৩. ‘NASA Earth Observatory’ – পৃথিবীর পানিচক্র এবং মহাসাগরীয় স্রোত বিষয়ক তথ্য।
৪. ‘USGS (United States Geological Survey)’– হাইড্রোলজিক চক্র এবং ভূ-গর্ভস্থ পানির প্রবাহ সম্পর্কিত সাধারণ তথ্য।
৫. ‘NOAA (National Oceanic and Atmospheric Administration)’

জনপ্রিয়

More like this
Related

শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ) : জীবন ও তৎপরতার সংক্ষিপ্ত রূপ

আরেফিন আল ইমরান সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একজন মহত্তম ব্যক্তিকে তুলে...

বাজার অস্থিরতা: কম্পিউটার এক্সেসরিজের হঠাৎ করে লাগামহীন দাম কেন? কবে ফিরবে স্বাভাবিক দামে ?

দেশের বাজারে কম্পিউটার এক্সেসরিজ বা ইলেকট্রিক পণ্যের বাজার হঠাৎ...

বিশ্বজুড়ে চিনির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে,ওষুধি গাছ ‘স্টেভিয়া’

অ্যাস্টার পরিবারের (Asteraceae) ফুলের উদ্ভিদ যা হচ্ছে স্টেভিয়া, (Stevia...